শিগগিরই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হবে: ডিএমটিসিএল
নিউজ জনতা ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ হওয়া মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।শনিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
তিনি বলেন, বন্ধ হওয়া কাজীপাড়া স্টেশনে মেরামতের কাজ চলছে। আজও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রোববার ফাইনাল ট্রায়াল করব। দ্রুতই স্টেশনটি চালু করা হবে।
মিরপুর ১০ নম্বর স্টেশন চালু করার বিষয়ে আবদুর রউফ বলেন, এই স্টেশনটি চালু করতে আরও সময় লাগবে। তবে, দ্রুত চালু করতে আমাদের সব চেষ্টা চলছে।
এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চালু এবং কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে বিস্তারিত তথ্য বুধবারের (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলেও জানান ডিএমটিসিএলের এমডি।
উল্লেখ্য, কোটা আন্দোলন চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জুলাই বিকেলে মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয় পল্লবী ও ১১ নম্বর স্টেশনেও।







