শান্তর বিদায় ভালোভাবে নিচ্ছেন না বিসিবি সভাপতি
নিউজ জনতা ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পর শনিবার টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ছিল বড় ধাক্কা। বোর্ড কর্মকর্তাদের বক্তব্যগুলো অন্তত তাই বলে।
‘নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন’ খবরটা এত বড় ধাক্কা হতো না, যদি শান্ত অধিনায়ক হিসেবে দেশের সেরা হতেন। মাত্র ১৪ টেস্টে নেতৃত্ব দিয়ে শান্তর চেয়ে ভালো করতে পারেননি আর কেউ।
তবে শান্তর এমন আকস্মিক বিদায় হতভম্ব করে দিয়েছে ক্রিকেট বোর্ডকে। যদিও গুঞ্জন শুনে আগ বাড়িয়ে ব্যবস্থা নেয়ার পথেই ছিল বিসিবি, তবে শান্ত তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
ওয়ানডে থেকে যেভাবে শান্তকে নেতৃত্ব থেকে সরিয়েছিল বোর্ড, শান্তও টেস্ট নেতৃত্ব ছাড়তে বেছে নেন সেই পথ। ওয়ানডে থেকে সরানোর আগে বোর্ড যেমন শান্তকে জানায়নি কিছু, তেমনি জানাননি শান্তও।
অথচ দুই পক্ষই প্রকাশ্যে গণমাধ্যমের কাছে দাবি করেছে যে সিদ্ধান্ত নেয়ার আগে তাদের মাঝে আলোচনা হয়েছে। তবে উভয়ক্ষেত্রে দুই পক্ষই তা অস্বীকার করেছে। যেন প্রতিশোধ নিলেন শান্ত!
শান্ত আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু না জানালেও উড়ো খবর পেয়ে বিষয়টা সমাধান করতে চেয়েছিল বিসিবি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানান বিসিবি সভাপতি। বলেন, ‘শুনছিলাম উড়ো উড়ো কথা। এ জন্য আমরা নাজমুল আবেদীন ফাহিম ভাইকে পরশু দিন কলম্বোতে পাঠিয়েছিলাম, সেখানে ড্রেসিংরুমে তিন অধিনায়কের সাথে বসে কথা বলার জন্য।’
শ্রীলঙ্কায় উড়ে গেলেও শেষ পর্যন্ত আর তিন অধিনায়ককে নিয়ে বসা হয়নি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের। সেই সুযোগ দেননি শান্ত। আগেভাগেই জানিয়ে দেন সিদ্ধান্ত।
দেশ সেরা অধিনায়ককে হারিয়ে তাই বিপাকে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তো বলেই দিলেন, ‘শান্ত আরেকটু চিন্তা করতে পারত।’
‘আমরা তো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছি ওখানে। টেস্ট ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে যদি সে পদত্যাগ না করতো…। এগুলো দলের ওপর প্রভাব ফেলে, দেশে হলে একটা কথা, বিদেশে…।
‘আর সে তো অন্যান্য সংস্করণের দলেও আছে। আমার কাছে মনে হয়, একজন অধিনায়ক হিসেবে আরেকটু চিন্তা করতে পারত সে, দলটা তো আগে।’
তবে আপাতত বিষয়টা এখানেই থামিয়ে রাখতে চান বিসিবি সভাপতি। শ্রীলঙ্কা সফর শেষেই এই প্রসঙ্গ নিয়ে দলের সাথে বসবেন বলেও জানান। সুত্র: নয়া দিগন্ত







