মাহিয়া মাহির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগকালে মাহি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এছাড়া শুক্রবার রাতে ক্ষমতাসীন দল আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ উঠে।
এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এরই জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মাহিয়া মাহির দাবি।
মাহি জানান, গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে। পুড়িয়ে দেয়া কার্যালয়টি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
তিনি বলেন, এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। আমার লোকজন থানায় মামলা করতে গিয়েছেন। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের ঘটনায় প্রার্থীর পক্ষে দু’জন থানায় মামলা করতে এসেছেন। মামলার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিয়া মাহি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।







