মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আর নেই
নিউজ জনতা ডেস্ক:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাউই ইন্তেকাল করেছেন। আজ সোমবার তার পরিবার ও চিকিৎসা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে স্থানীয় সময় সন্ধ্যা ৭:১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার জামাতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন ইনস্টাগ্রামে একটি পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, রোববার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে আবদুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সঙ্গে সঙ্গে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) স্থানান্তর করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘সকল চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি তার প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।’
২০০৩ সালে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আবদুল্লাহ মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাহাথির দীর্ঘ ২২ বছর দেশ পরিচালনার পর অবসর নেন।
প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং প্রযুক্তি ও অর্থনীতিনির্ভর মধ্যপন্থী ইসলামের পক্ষে অবস্থান নেন। তার প্রশাসন শান্তিপূর্ণ ছিল। তবে জনজীবনে বিরূপ প্রভাব ফেলে এমন কিছু সিদ্ধান্তের জন্য তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর এক বছর পর ২০০৯ সালে আবদুল্লাহ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং তার স্থলাভিষিক্ত হন নাজিব রাজাক।
আবদুল্লাহর মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান ঘটল।
সূত্র : আরব নিউজ







