বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ইনটেলের চিপ কারখানায় ৩২০ কোটি ডলার ঋণ ইসরায়েলের

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

ইসরায়েলের দক্ষিণাংশে নতুন চিপ কারখানা তৈরির লক্ষ্যে মার্কিন চিপ নির্মাতা ইনটেলকে তিনশ ২০ কোটি ডলার ঋণ দেবে দেশটির সরকার।

মঙ্গলবার আড়াই হাজার কোটি ডলারে নতুন চিপ কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে উভয় পক্ষই। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে কোনো প্রযুক্তি কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে এটি।

৭ অক্টোবর ফিলিস্তিনপন্থী সশস্ত্র দল হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকে গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। তার মধ্যেই এ খবর এল। এ ছাড়া, শীর্ষ মার্কিন কোম্পানিগুলো ইসরায়েল সরকারের প্রতি কতোটা পক্ষপাতমূলক, তার ইঙ্গিতও মেলে এ ঘোষণা থেকে। অন্যদিকে, গাজা উপত্যকার নাগরিকদের ওপর আক্রমণের মাত্রা কমিয়ে আনতে ইসরায়েলকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

ইসরায়েলে ইনটেলের কর্মী সংখ্যা কোম্পানির বৈশ্বিক কর্মশক্তির ১০ শতাংশ। মঙ্গলবার মার্কিন স্টক এক্সচেঞ্জ নাসডাকে ইনটেলের শেয়ারমূল্য দুই দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দিন শুরু করেছে ৪৯ দশমিক ২৮ ডলারে।

ইসরায়েলের কিরিয়াট গাট শহরে পরিকল্পিত চিপ কারখানাটি হবে সে এলাকায় কোম্পানির বিদ্যমান চিপ কারখানার বর্ধিতাংশ, যা হামাস নিয়ন্ত্রিত গাজা অঞ্চল থেকে ৪২ কিলোমিটার দূরে।

“ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চলমান ও পরিকল্পিত বিনিয়োগের পাশাপাশি কোম্পানির বৈশ্বিক সরবরাহ চেইনে স্থিতিস্থাপকতা দেখানোর লক্ষ্যে ইনটেলের গুরুত্বপূর্ণ প্রচেষ্টার অংশ এটি।” –এক বিবৃতিতে বলেছে ইনটেল।

কোম্পানির সিইও প্যাট গেলসিঙ্গারের অধীনে তিনটি মহাদেশে কারখানা নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে ইনটেল। এর লক্ষ্য, এএমডি, এনভিডিয়া ও স্যামসাংয়ের মতো শীর্ষ কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা বাড়ানো। এরই ধারাবাহিকতায় মার্কিন এই চিপ কোম্পানির সর্বশেষ বিনিয়োগ হল ইসরায়েলের নতুন এই চিপ কারখানা।

“ইসরায়েল সরকারের এ সমর্থন নিশ্চিত করবে, দেশটি সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও মেধার বৈশ্বিক কেন্দ্র হিসেবে যেন বহাল তবিয়তে থাকে।” –বলেন ইনটেলের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল বেনাটার।

গত ৫০ বছরে ইসরায়েল সরকারের কাছ থেকে প্রায় দুইশ কোটি ডলারের অনুদান পেয়েছে ইনটেল।

ইসরায়েলের বিনিয়োগ কর্তৃপক্ষ ‘ইনভেস্টমেন্ট অথরিটি’র উপ-মহাপরিচালক অফির ইয়োসেফি বলেন, ইনটেলকে কম সুদের অনুদান প্রস্তাব করা হলেও তারা উচ্চ সুদের প্যাকেজ বেছে নিয়েছে।

তিনি রয়টার্সকে বলেন, বিনিয়োগের আকার বড় হওয়ায় এ প্রক্রিয়া পর্যালোচনা ও স্বতন্ত্রভাবে বিশ্লেষণে কয়েক মাস সময় লেগেছে। তিনি আরও যোগ করেন, ইসরায়েল এ প্রকল্প থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে, সেটি নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“বিনিয়োগটি এমন এক সময় এল, যখন ইসরায়েল যুদ্ধের মধ্যে আছে। তবে, আমাদের অবশ্যই অশুভ শক্তিকে হারাতে হবে। এ বিনিয়োগ সঠিক পক্ষের দিকেই গেছে, যারা মানবতার অগ্রগতি নিয়ে কাজ করতে ইচ্ছুক।” –বলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী বেজালেল স্মট্রিচ।

ইনটেল এ বিনিয়োগ পাবে পাঁচ বছরে। আর এর শুল্কহার আগের পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে নেওয়া হয়েছে সাড়ে সাত শতাংশে। ইসরায়েলে সাধারণ শুল্কহার ২৩ শতাংশ হলেও দেশটির আইনে বিভিন্ন উন্নয়নশীল অঞ্চলে বিনিয়োগ করা কোম্পানিগুলোর জন্য বিশেষ সুবিধা রয়েছে।

অন্যদিকে, জার্মানির ম্যাগডেবার্গ শহরে দুটি চিপ কারখানা তৈরির জন্য তিন হাজার তিনশ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ইনটেল, যার লক্ষ্য হল ইউরোপে কোম্পানির চিপ সক্ষমতা বাড়ানো।

জার্মানির ইতিহাসে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগের ঘটনাও এটি। তাই ইনটেলকে বড় শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে বার্লিন।

২০২২ সালে ইনটেল বলেছিল, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদন কারখানা তৈরির লক্ষ্যে তারা ১০ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। এদিকে, স্যামসাং ও ‘টিএসএমসি’র মতো প্রতিদ্বন্দ্বীরাও বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে।

ইসরায়েলের এ অনুদান কারখানা নির্মাণের সম্ভাব্য খরচের ১২ দশমিক আট শতাংশ। এ ছাড়া, আগামী দশকজুড়ে ইসরায়েলভিত্তিক সরবরাহকদের কাছ থেকে এক হাজার ছয়শ ৬০ কোটি ডলারের পণ্য ও সেবা কেনার অঙ্গীকার করেছে ইনটেল। আর নতুন কারখানায় হাজার হাজার কর্মসংস্থানও সৃষ্টি হবে।

ইসরায়েলে ইনটেলের পদার্পণ ঘটেছিল ১৯৭৪ সালে। আর এখন প্রায় পাঁচশটি মাল্টিন্যাশনাল কোম্পানির দপ্তর আছে দেশটিতে। কেবল ইনটেলেরই চারটি ভিন্ন প্রকল্প আছে ইসরায়েলে, যার একটি হল কিরিয়াট গাট শহরের কারখানা। ‘ফ্যাব ২৮’ নামে পরিচিত এ কারখানায় উৎপাদন করা হয় ‘ইনটেল ৭’ প্রযুক্তি বা ‘১০ ন্যানোমিটারের চিপ’। কারখানাটিতে প্রত্যক্ষভাবে কাজ করছেন ১২ হাজার কর্মী। এ ছাড়াও, ৪২ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে কোম্পানিটি।source : bdnews


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর