আন্দোলনের সময় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে : আইজিপি
নিউজ জনতা ডেস্ক:
ছাত্র-জনতার আন্দোলনের সময় (জুলাই-আগস্টে) দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এসব থানায় গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।
গতকাল রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ জনসাধারণের সাথে সুসম্পর্ক স্থাপন করেছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ বাহিনী কাজ করছে। কার্যক্রমে গতি ফিরেছে। এদিকে, এবার দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা উদযাপন করছেন। এবারো তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এরপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না।
আইজিপি পর্যটন বিষয়ে বলেন, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেজন্য টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশী-বিদেশী পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে তারা।
পরিবেশের ক্ষতিসাধন রোধে বন ও পরিবেশ বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্যেও ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো: আবু কালাম সিদ্দিক।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছাড়াও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







